বি:দ্র: এই লেখাটা পড়ার আগে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে হালকার উপর ঝাপসা আইডিয়া থাকলে ভালো, না থাকলেও বিশেষ প্যারা নাই। লেখাটা টেক্সট হেভি। কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্স আর লিনিয়ার এলজেব্রা নিয়ে ভালো আইডিয়া থাকলে ‘কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন কী বলে’ এর পর থেকে একেবারে পড়া শুরু করতে পারেন। এই লেখাটা তিনটা পর্বে হবে। আজকের পর্বে আমরা দেখব কোপেনহেগেন ইন্টারপ্রিটেশান আসলে কি।
আজকের লেখায় খুব একটা ছবি/সূত্র নাই। আমাকে যারা চেনেন তাদের অনেকের অভিযোগ আমি না কি লেখায় অনেক ইকুয়েশন নিয়ে কপচাই। অভিযোগকারীদের জন্য সুখবর, আজকের লেখাটা খুবই টেক্সট হেভি হবে। ইকুয়েশন/ছবির খুব একটা দেখা পাওয়া যাবে না হয়ত। তবে একদম ভিতরে চলে যাওয়ার আগে, আমাদের বেসিক কিছু জিনিসপত্র জানা লাগবে।
অপারেটর (Operator)
যে জিনিসের নিজের কোন ভ্যালু নাই, অন্য কেউ ওর ভিতরে ঢুকলে একটা কিছু ভ্যালু পাওয়া যায়। এই যেমন ধরেন log(), sin(), cos(), tan(), d/dx() এগুলা একেকটা অপারেটর। এগুলার একা একা খালি নিজেদের কোন দামই নাই, বিভিন্ন সংখ্যার সাথে এদেরকে ব্যবহার করলে তবেই এদের থেকে আমরা কিছু অর্থবহ জিনিস আউটপুট পাই।
যেমন ধরেন এখানে, শুধু নিজেই একটা ফাংশন। কিন্তু, এই ব্যবহার করার কারণে জিনিসটা একটা নতুন ফাংশনে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ, একটা অপারেটর একটা ফাংশনের উপর অপারেট করে ওই ফাংশনকে আরেকটা ফাংশনে পরিণত করে।
কোয়ান্টাম মেকানিক্সে, কে ডাকা হয় ওয়েভ ফাংশন (wave function) নামে। এই একটা কমপ্লেক্স ফাংশন (complex function) অর্থাৎ এই ফাংশনের ভিতরে জটিল সংখ্যা (complex number) আছে। এই ইউনিভার্সের প্রতিটি জিনিসের বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করার জন্য ওয়েভ ফাংশন আছে। তো, কোন একটা জিনিসের ওয়েভ ফাংশনের মধ্যে ওই জিনিসের পরিমাপযোগ্য অর্থাৎ মাপা যায় এমন সব তথ্য থাকে (জিনিসটা ক্যুল না? একটা সিংগেল ফাংশনে সব তথ্য একেবারে)।
এখন কোয়ান্টাম মেকানিক্সে যেসব অপারেটর ব্যবহার করা হয়, সেগুলোরও শুধু অপারেটর হিসেবে কোন দাম নেই, এগুলো এর উপর অপারেট করে -কে আরেকটা ফাংশনে পরিণত করে, যেটা থেকে আমরা বিভিন্ন তথ্য বের করে নিতে পারি বিভিন্ন উপায়ে। কোয়ান্টাম মেকানিক্সে এই অপারেটগুলাকে আলাদাভাবে বুঝানোর জন্য মাথার উপর ছোট্ট একটা টুপি পরায়ে দেয়, যেমন হইলো পজিশন অপারেটর, হইলো মোমেন্টাম অপারেটর ইত্যাদি।
কোয়ান্টাম মেকানিক্সের অপারেটরগুলার একটা ক্যুল বৈশিষ্ট্য আছে। এই অপারেটরগুলো লিনিয়ার। কিন্তু, লিনিয়ার মানে কি? এইটা আমরা পজিশন অপারেটর -কে দিয়ে বুঝব। তার আগে, জিনিসটা কি দেখা যাক।
\hat{x} \Psi(x) = x \Psi(x)অর্থাৎ, এর কাজ হলো খালি ওয়েভ ফাংশনের সাথে একটা গুণ করে দেয়া। এখন,
\hat{x} [\Psi_1(x) +\Psi_2(x) ] = x [\Psi_1(x) + \Psi_2(x) ] = x\Psi_1(x) + x\Psi_2(x) = \hat{x} \Psi(x) + \hat{x}\Psi_2(x)তো, এখানে দেখা যাচ্ছে, একটা অপারেটর দুইটা সিংগেল জিনিসের যোগফলের উপর অপারেট করে যেটা উত্তর আসছে, সেটা প্রত্যেকটা সিংগেল জিনিসের উপর আলাদাভাবে অপারেটরটা অপারেট করে যে উত্তর আসে, ওই দুইটার যোগফলের সমান। এইটাই লিনিয়ারিটি (linearity)।
এখানে, আরেকটা জিনিস জানায়ে রাখি যেটা সামনে কাজে লাগবে। ধরেন, আপনার কাছে দুইটা ফাংশন আছে, আর
এখন আপনি এই দুইটা ফাংশন কে যেকোন র্যান্ডম দুইটা সংখ্যা আর দিয়ে গুণ করে যোগ করে একটা নতুন ফাংশন পেতে পারি। এই h(x) কে g(x) আর f(x) এর লিনিয়ার কম্বিনেশন বলে। এখানে,
সম্ভাবনা (Probability)
একদম সহজ ভাষায় বললে, কোন কিছু ঘটার সম্ভাবনা হলো, কোন একটা কিছু 1 বার করলে, ওইটাতে যত রকমের ঘটনা ঘটতে পারে, তার মধ্যে ঐ জিনিসটা গড়ে যতবার ঘটবে বলে আশা করা যায়। যেমন ধরেন, একটা ছক্কা যদি 1 বার নিক্ষেপ করেন, তাহলে 1/2/3/4/5/6 এই 6 টার মধ্যে যেকোন একটা ঘটনা ঘটবে। এখন, কেউ যদি জিজ্ঞেস করে, জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, তাহলে এভাবে বলা যায় যে, আমাদের 6 টা ঘটনার মধ্যে 2/4/6 এই তিনটা জোড়, তাহলে 1 বার ছক্কা নিক্ষেপ করলে গড়ে জোড় আসে 3/6= 0.5 টা, অর্থাৎ, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে জোর সংখ্যা আসার সম্ভাবনা 0.5। এটাকে এভাবে লেখা হয়, (জোড়সংখ্যা)=0.5 ।
এই জিনিসটাকে আরেকটু ভালোভাবে চিন্তা করতে গেলে, কোন একটা কাজ বারবার করলেও, ওই কাজের যত ভাগ কোন একটা ঘটনা ঘটে, তাকে ওই ঘটনা ঘটার সম্ভাবনা বলে। যেমন, আগের উদাহরণটায়, আপনি যদি অনেকবার একটা ছক্কা নিক্ষেপ করেন, তাহলে অর্ধেক ভাগ বা 0.5 ভাগের কাছাকাছি সংখ্যক বার আপনি জোড় সংখ্যা পাবেন। “কাছাকাছি” বলছি কারণ বাস্তব দুনিয়ায় সবকিছু এত পার্ফেক্ট না। কিন্তু জিনিসটা ইন্টুইশন ডেভেলপ করার জন্য যথেষ্ট।
সম্ভাবনার সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান 0। যেসব ঘটনা ঘটবেই বলে আমরা জানি, সেটার সম্ভাবনা 1 আর যেই জিনিস ঘটার সম্ভাবনা একেবারেই নেই তার সম্ভাবনা 0। আর একটা পরীক্ষায় যতগুলো ঘটনা ঘটা সম্ভব, সবগুলো ঘটনার সম্ভাবনার যোগফল সবসময় 1 হতে হবে।
র্যান্ডম ভ্যারিয়েবল (Random Variables)
ধরেন, আপনি একটা কয়েন টস করতেসেন। তো, এই কয়েন টসের ঘটনা রেকর্ড করার জন্য আপনি বিভিন্ন ঘটনাকে বিভিন্ন ভ্যালু এসাইন করলেন। যেমন, হেড আসলে 1, টেল আসলে 2। এইটা কিন্তু ফিক্স না, চাইলে অন্য ভ্যালুও এসাইন করতে পারেন, সম্পূর্ণ আপনার অধিকার। এখন, এই ভ্যালুগুলো স্টোর করার জন্য একটা ভ্যারিয়েবল তো লাগবে। ধরেন ভ্যারিয়েবলটা X। এই X এর মান যখন 1, তখন আমরা বুঝব হেড আসছে, আর এটার মান যখন 2, তখন আমরা বুঝব টেল আসছে। তো, এই যে X, যার মধ্যে বিভিন্ন মানের মাধ্যমে ঘটনাগুলো স্টোর করে রাখা যায়, এই টাইপের ভ্যারিয়েবলগুলোকে বলা হয় র্যান্ডম ভ্যারিয়েবল।
আরেকটু রিগোরাসলি বললে, X বা ভ্যারিয়েবল দ্বারা বিভিন্ন কাজ যেমন ছক্কা নিক্ষেপ, কয়েন টসিং এগুলাকে বুঝায় বা লেবেলিং করা হয়, আর এর বিভিন্ন ভ্যালু দিয়ে ওই কাজ করলে যেসব ঘটনা ঘটতে পারে, সেগুলোকে বুঝায়। যেমন আমাদের এই উদাহরণে X দ্বারা কয়েন টসিং এর পরীক্ষাটাকে বুঝানো হচ্ছে, আর X এর মান 1 দ্বারা হেড আর 2 দ্বারা টেল, এই দুইটা ঘটনাকে বুঝানো হচ্ছে।
এক্সপেক্টেড ভ্যালু (Expected Value)
এই এক্সপেক্টেড ভ্যালু আর গড় (mean) “প্রায়” একই জিনিস। খালি এই এক্সপেক্টেড ভ্যালুটা পুরোই থিওরেটিকাল এবং এইটা র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য ব্যবহার করা হয়। কিন্তু দুইটা ইন্টুইটিভলি সেম।
গড় মানে হলো, কোন একটা জিনিস বারবার করলে অন এভারেজ ওই জিনিসটার মান যেটা পাওয়া যায়, সেটা। যেমন ধরেন, আপনাদের ক্লাসের 5 জনের ওজন, 70, 80, 75, 60, 55 কেজি। তাহলে তাদের গড় ওজন, (70+80+75+60+55)/5= 68 কেজি (একটা জিনিস খেয়াল করেন, কারো ওজনই কিন্তু 68 কেজি নাই, তাও গড় 68)। তো এখানে দেখেন, আমরা কিন্তু একটা 5 জনের স্যাম্পল/নমুনা নিয়ে কাজ করেছি, এই কারণে এইটাকে নমুনা গড় (sample mean) – ও বলা হয়।
তেমনি ধরেন, একটা কয়েন 6 বার টস করে, আপনি 4 বার হেড, আর 2 বার টেল পেলেন। যেহেতু, 1 দ্বারা হেড এবং 2 দ্বারা টেল বুঝানো হয়েছে, তাই আপনি গড়ে পাচ্ছেন, (1+1+1+1+2+2)/6= 1.33 (এখানেও দেখেন, 1.33 দ্বারা কোন ইভেন্ট বুঝানো হয় নাই, তাও এভারেজে এইটা আসছে), অর্থাৎ এই নমুনার গড় 1.33। এখানে দেখেন, 1.33 এই মানটা 2 থেকে 1 এর বেশি কাছাকাছি, অর্থাৎ এই নমুনাটা হেডকে বেশি ফেভার করছে, অর্থাৎ, এই নমুনায় হেড বেশি আসবে।
কিন্তু, থিওরেটিক্যালি চিন্তা করলে, আমার 3 বার হেড, 3 বার টেল পাওয়াটা আশা করি, কোনটা কম বা কোনটা বেশি, এরকম হওয়াটা আমরা আশা করি না, যেহেতু দুইটা ঘটনাই সমানভাবে ঘটতে পারে, কোনটার প্রতিই কয়ে্নটা বেশি ফেভার করে না। তাহলে থিওরেটিক্যালি আমাদের গড় আসা উচিত (1+1+1+2+2+2)/6= 1.5। এই 1.5 – ই হলো আমাদের এই ঘটনার এক্সপেক্টেড ভ্যালু ( আমাদের আশা করা বা এক্সপেক্টেশন থেকেই এমন নাম), আর এই ঘটনাটাকে যেহেতু আমরা X দ্বারা বুঝাচ্ছি, তাই এটাকে এইভাবে লেখা হয়, E(X) = 1.5। এখানে দেখেন, এক্সপেক্টেড ভ্যালু, 1 আর 2 দুইটা থেকেই সমদূরবর্তী, তাই এই ঘটনায় থিওরেটিক্যালি হেড বা টেল কোন ঘটনাই বেশি ফেভার পাচ্ছে না।
যদিও প্র্যাক্টিকালি করতে গেলে ছোট নমুনা নিলে যেকোন একটা ঘটা বেশি ফেভার পেতে পারে। এজন্য যেকোন ক্ষেত্রেই চেষ্টা করা হয় যেই নমুনাটা আমরা নিচ্ছি, সেটা যাতে যথেষ্ট বড় হয় (অর্থাৎ পরীক্ষাটা, আমাদের ক্ষেত্রে কয়েন টসিং, অনেকবার করা বা অনেকগুলো ডাটা নেয়া)। যথেষ্ট বড় নমুনা নিলে এই ভুলভাল ফেভার করাটা অনেক কমে যায় (তবে সিস্টেম নিজেই biased হলে ব্যাপারটা ভিন্ন), তখন নমুনা গড় প্রায় এক্সপেক্টেড ভ্যালুর সমান হয়। তবে অনেকক্ষেত্রে অনেক জিনিস থিওরেটিক্যালিই যেকোন একটা ঘটনাকে ফেভার করতে পারে, আবার এমনও হতে পারে থিওরেটিক্যালি কাউকে ফেভার করছে না, কিন্তু প্র্যাক্টিকালি ডাটা কালেক্ট করতে গেলে দেখা যাচ্ছে করছে। যদিও আমাদের আজকের লেখার জন্য অত গোঁজামিলে যাওয়ার দরকার নেই।
N.B: লিনিয়ারিটির আরো রিগোরাস, আরো হার্ডকোর ডেফিনিশন আছে। আর সব অপারেটরও আসলে লিনিয়ার না। কেবল সেসব অপারেটর, যেগুলো ফিজিক্যালি মাপা যায়, এমন জিনিসকে বুঝায় (যেমন অবস্থান, ভরবেগ, গতিশক্তি ইত্যাদি), সেগুলোই লিনিয়ার হতে বাধ্য, বাকিগুলো লিনিয়ার হতেও পারে, নাও পারে। সম্ভাবনা, র্যান্ডম ভ্যারিয়েবল, এক্সপেক্টেড ভ্যালু – এগুলোর জন্যও একই কথা প্রযোজ্য। সবগুলারই আরো রিগোরাস, আরো হার্ডকোর, আরো ফুলপ্রুফ ডেফিনিশন আছে। কিন্তু আমরা এখানে যেহেতু ম্যাথ বা কোয়ান্টাম মেকানিক্স কোনটারই কোর্স করতে আসিনি, তাই আমাদের আপাতত অত না জানলেও চলবে। এই সীমিত জ্ঞান দিয়েই আমদের আজকের লেখার কাজ চলে যাবে।
কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন কী বলে
Interpretation এর আভিধানিক অর্থ the act of explaining, reframing or making sense of the meaning of something অর্থাৎ কোনকিছুকে সহজ ভাষায় বা বোধগম্য ভাষায় পরিণত করা। বিষয়টা অনেকটা ভাব-সম্প্রসারণের মতো, একটা কিছু আমরা পেয়েছি, এইটা দ্বারা কি বুঝাচ্ছে সেটা ব্যাখ্যা করা, এটাই ইন্টারপ্রিটেশান।
কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এই ইন্টারপ্রিটেশান এর দরকার পড়ল কেন? ক্লাসিকাল মেকানিক্সে কেন তাহলে ইন্টারপ্রিটেশান দরকার পড়ে না?
দেখেন, ক্লাসিকাল মেকানিক্সে আমরা যে ম্যাথেম্যাটিকাল জিনিসপত্র ব্যবহার করি, এগুলার ফিজিক্যাল মিনিং বুঝা খুবই সহজ। কোন একটা জিনিসের পজিশন x = 5, বেগ v = 2 ms-1 এগুলা দিয়ে ফিজিক্যালি কি বুঝানো হচ্ছে অর্থাৎ বাস্তব দুনিয়ায় এই জিনিসগুলো দেখতে কেমন হবে সেইটা আমরা খুব সহজেই বুঝতে পারি। এরজন্য এগুলোকে আর আলাদা করে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশান করা লাগে না।
কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ঠিক এমন না। এইখানে আমরা যে ম্যাথম্যাটিকাল জিনিসপত্র ব্যবহার করি, এগুলো বাস্তব দুনিয়ায় কি বুঝাচ্ছে বা আদৌ কিছু বুঝাচ্ছে কিনা, সেটা বুঝা ভালোই ঝামেলার।
যেমন ধরেন, একটা ক্লাসিকাল পার্টিকেলের স্টেট () = (1, 2, 3, 4, 5, 6) দ্বারা কি বুঝানো হচ্ছে সেটা আমরা সহজেই ফিল করতে পারি। কিন্তু, কোয়ান্টাম মেকানিক্সে যদি লেখা হয় একটা পার্টিকেলের স্টেট হলো এই জিনিস ফিজিক্যালি কি বুঝাচ্ছে, বাস্তব দুনিয়ায় দেখতে কেমন হবে, এইটা বুঝা বেশ কঠিন। এইজন্যই দরকার হয় ইন্টারপ্রিটেশান। এই জিনিসকে আমাদের চেনা জানা জিনিসপত্র দ্বারা ব্যাখ্যা করা-ই হলো ইন্টারপ্রিটেশান।
এখন দেখেন, ভাব সম্প্রসারণে যেমন একই জিনিসের অর্থ একেকজন একেকভাবে বুঝে, তেমনি কোয়ান্টাম মেকানিক্সের এইসব জগাখিচুড়ির অর্থ একেক বিজ্ঞানীর কাছে একেকরকম। বিভিন্ন বিজ্ঞানী এগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাগুলোকেই একেকটা ইন্টারপ্রিটেশান (Interpretation) বলে। তেমনই এক ইন্টারপ্রিটেশান হলো কোপেনহেগেন ইন্টারপ্রিটেশান (Copenhagen Interpretation)।
কোপেনহেগেন ইন্টারপ্রিটেশান বুঝার জন্য আমরা একটু শ্রোডিঙ্গারের বিড়াল নামক বিখ্যাত থট এক্সপেরিমেন্টের দিকে তাকাই।
ধরেন, একটা বাক্সে একটা বিড়াল রাখা আছে। সেই বিড়ালের সামনে একটা তেজস্ক্রিয় পদার্থ রাখা আছে। আরো রাখা আছে এমন একটা মেশিন যেটা যেকোনো তেজস্ক্রিয়তা ডিটেক্ট করলেই এটার সাথে যুক্ত একটা বিষের কৌটা হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেলবে আর বিড়ালটা মারা যাবে।

এখন তেজস্ক্রিয়তা হলো পরমাণুর নিউক্লিয়াসের ভাঙন। আমি যদি র্যান্ডম কোন এক সময়ে ওই বাক্সটা খুলি, তাহলে ওই টাইম পর্যন্ত কোন একটা পরমাণুর নিউক্লিয়াস ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে কারণ দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা একই। অর্থাৎ এর ফলে মেশিনটা তেজস্ক্রিয়তা ডিটেক্ট করতেও পারে, নাও পারে। ফলে বিষের কৌটাটা ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে। অর্থাৎ ওই টাইম পর্যন্ত বিড়ালটা বেঁচেও থাকতে পারে, আবার মৃতও হতে পারে।
কিন্তু একটা বিড়াল তো হয় বেঁচে থাকবে, নাহলে মৃত থাকবে। এখন আমরা কি এটা না দেখে কখনো বলতে পারব বিড়ালটা বেঁচে আছে না কি মারা গেছে?
আবার, যেহেতু বিরালটা জীবিত এবং মৃত দুইভাবেই থাকার সম্ভাবনা সমান, কিন্তু বাক্সটা খোলার পরে তো আমরা দেখব বিড়ালটা হয় বেঁচে আছে, নাহয় মারা গেছে অর্থাৎ যেকোন একটা ঘটনা একেবারে ফিক্স হয়ে যাবে বা ওই ঘটনার সম্ভাবনা 1 হয়ে যাবে, আর আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা হুট করেই 0 হয়ে যাবে। কিন্তু এমনটা কেন হচ্ছে? আমরা কিছু না করা সত্ত্বেও কি এমন ঘটছে যে হুট করে কোন একতা ঘটনার সম্ভাবনা 1, আরেকটার সম্ভাবনা 0 হয়ে যাচ্ছে?
এখনকার জিনিসপত্রগুলা একটু ( I promise “একটু” ) হার্ডকোর হবে, তাই একটু মনোযোগ দিয়ে ফলো কইরেন।
প্রথমে তেজস্ক্রিয় পরমাণুর দিকে নজর দেই। তেজস্ক্রিয় পরমাণু দুইটা অবস্থায় থাকতে পারে। হয় ভাঙসে, নাহয় ভাঙে নাই। এই অবস্থাগুলোকে বলা হয় একেকটা স্টেট। এই স্টেটকে বুঝানোর জন্য “| ⟩ ” এই সিম্বলটা ব্যবহার করে। তাহলে ভাঙসে বুঝানোর জন্য স্টেটটা হলো |ভাঙসে⟩ আর ভাঙে নাই বুঝানোর স্টেট |ভাঙে নাই⟩।
এইযে একেকটা স্টেট, এগুলার একেকটাকে প্রকাশ করার জন্য একেকটা কমপ্লেক্স ওয়েভ ফাংশন ব্যবহার করা হয়। কিন্তু এগুলার নাম ওয়েভ ফাংশন কেন? কারণ এগুলা দেখতে লিটারেলি বিভিন্ন তরঙ্গ বা ওয়েভের ফাংশনের মতো।
তো, ধরি, |ভাঙে নাই⟩ = আর |ভাঙসে⟩ =
এখানে একটা জিনিস খেয়াল করেন, |ভাঙে নাই⟩ = আর |ভাঙসে⟩ = । এইযে, আর – এই ফাংশনগুলো দেখতে তরঙ্গের ফাংশনের মতো, যদিও আপনাদের চেনা জানা তরঙ্গের মতো নাও হতে পারে।
এইসব ফাংশনে x আর t থাকে কারণ এই ফাংশনগুলা পজিশন আর ভেলোসিটির/মোমেন্টামের ইনফরমেশনও ক্যারি করে, অর্থাৎ সময়ের আর অবস্থানের সাথে সাথে স্টেট চেঞ্জ হয়। সময়ের সাথে সাথে স্টেট চেঞ্জ হওয়াকে বলে স্টেটের টাইম ইভোল্যুশন (time evolution) আর পজিশনের সাথে চেঞ্জ হওয়াকে বলে পজিশন ইভোল্যুশন (position evolution)। আমাদের আপাতত পজিশন x আর সময় t নিয়ে না ভাবলেও চলবে।
খেয়াল করেন তো, জিনিসটা অনেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের মতো না? একেকটা ঘটনাকে ভ্যারিয়েবলের একেকটা মান ( ভাঙে নাই মানে আর ভাঙসে মানে ) দ্বারা প্রকাশ করা হচ্ছে। জিনিসটা আপাতত একটু মাথায় রাখেন, বাকি রিলেশন আমরা পরে দেখতেসি।
তো, আমি যদি এই পুরো কৌটার ভাঙা-ভাঙির অবস্থাটাকে একটা ফাংশনের মাধ্যমে দেখতে চাই, সেইটা হবে ভাঙার দুইটা অবস্থা, |ভাঙে নাই⟩ আর |ভাঙসে⟩, এই দুইটার লিনিয়ার কম্বিনেশন।
তাহলে, |কৌটার অবস্থা⟩=|ভাঙে নাই⟩ + |ভাঙসে⟩
| \Psi_p \rangle = c_1 | \Psi_1\rangle + c_2 |\Psi_2\rangle \tag{1}এইখানে কিন্তু, অর্থাৎ এই সহগগুলো জটিল সংখ্যাও হতে পারে।
একইভাবে, আমাদের বিড়াল বাবাজির জন্যও দুইটা স্টেট থাকবে, |জীবিত⟩ = আর |মৃত⟩ = (এইখানেও আপাতত আমাদের পজিশন x আর সময় t নিয়ে ভাবার দরকার নাই)।
তাহলে, |বিল্লুর অবস্থা⟩ = |জীবিত⟩ + |মৃত⟩
| \Psi_c \rangle = c_3 | \Psi_3\rangle + c_4 |\Psi_4\rangle \tag{2}এইখানেও কিন্তু, ।
তো, এই যে, (1) আর (2) নং ইকুয়েশনে আর – এগুলোকে একেকটা স্টেট ভেক্টর বলে।
নামের ভিতর ভেক্টর কারণ জিনিসগুলো দেখতে ভেক্টর () এর মতো, যেখানে বেসিস এর কাজ করতেসে আর । তাছাড়া, এগুলো আসলেও হিলবার্ট স্পেস নামের একপ্রকার ভেক্টর স্পেসের অন্তর্ভুক্ত। এই স্পেসের একেকটা পয়েন্ট একেকটা পয়েন্ট স্টেট ভেক্টরের একেকটা মান বুঝায় আর বেসিস হিসেবে থাকে স্টেটগুলা। এই কারণে স্টেটগুলোকে অনেক সময় বেসিস স্টেটও বলে।
ম্যাথম্যাটিকাল ঝামেলা আপাতত শেষ হইল। এবার আমরা ঢুকি কোপেনহেগেন ইন্টারপ্রিটেশানে।
এইযে বিল্লুর স্টেট ভেক্টর – এইটার ফিজিক্যাল মিনিং কি? বিজ্ঞানী নীলস বোর আর ওয়ার্নার হাইজেনবার্গ এইটারে ইন্টারপ্রেট করসেন এইভাবে।
আমরা বিড়ালের অবস্থা অবজার্ভ করার আগ পর্যন্ত বিড়ালটা জীবিত আর মৃত এই দুইটা স্টেটেই থাকবে, আমরা কখনোই বলতে পারব না বিড়ালটা এখন জীবিত বা মৃত। পরিমাপ করার আগ পর্যন্ত সবকিছুই অনিশ্চিত, সবকিছুই যতগুলা স্টেটে থাকতে পারে, সবগুলা স্টেটে একসাথে থাকবে, বাদ যাবে না একটি শিশুও। এবং এইযে অনিশ্চয়তা, এইটা কোন ভুল বা ইনফরমেশন গ্যাপ না, এইটা কোয়ান্টাম মেকানিক্সের এবং এই ইউনিভার্সের জন্মগত বৈশিষ্ট্য বা ইন্ট্রিনজিক বৈশিষ্ট্য।
তো এইযে সবগুলো স্টেটে একেবারে একসাথে থাকা, এইটাকে বলা হয় সুপারপজিশন অফ স্টেটস (superposition of states) আর এই কারণে স্টেট ভেক্টরকে অনেক সময় সুপারপজিশন স্টেট (superposition state) বলে, যেহেতু জিনিসটা অনেকটা স্টেটের মতোই কিন্তু অনেকগুলা স্টেটের কম্বিনেশন।
আবার আমরা যখন বাক্স খুলে দেখি, তখন পুরো সিস্টেমটা যেকোন একটা সিঙ্গেল স্টেটে ফিক্স হয়ে যায়, এইটাকে বলে ওয়েভ ফাংশন কোল্যাপ্স (wave function collapsing) করা।
কোপেনহেগেন ইন্টারপ্রিটেশান অনুসারে কেবল কোনকিছুকে অবজার্ভ করতে গেলে বা দেখতে গেলে বা মাপতে গেলেই ওই জিনিসের ওয়েভ ফাংশন কোল্যাপ্স করবে। আমরা মাপার আগ পর্যন্ত ওই জিনিস সবগুলা স্টেটেই থাকবে, যখনই আমরা ওই জিনিসকে মাপতে যাব তখনই ওইটা যেকোন একটা স্টেটে হুট করে ফিক্স হয়ে যাবে, অর্থাৎ ওই স্টেটের প্রোবাবিলিটি হুট করে 1 হয়ে যাবে, বাকি সবগুলা স্টেটের প্রোবাবিলিটি বা সম্ভাবনা হুট করেই হয়ে যাবে 0। এইটাকেই বলা হয় কোপেনহেগেন ইন্টারপ্রিটেশানের পরিমাপের সমস্যা (measurement problem)।
আধভৌতিক জিনিসপত্র। যাইহোক।
আবার দেখেন, – এইখানে এর মানে অনেক বড় হলে টা এর মতো বেশি আচরণ করবে অর্থাৎ বিল্লু সাহেবের বেঁচে থাকার সম্ভাবনা বেশি হবে আর এর মান অনেক বড় হলে সিস্টেমটা এর মতো আচরণ করবে বেশি অর্থাৎ বিল্লু সাহেবের অক্কা পাওয়ার সম্ভাবনা বেশি হবে। এটা দেখে ম্যাক্স বর্ন সাহেব একটা নিয়ম দিয়ে দিলেন।
এই এগুলার মানের বর্গ, অর্থাৎ – এগুলা দিয়ে সংশ্লিষ্ট স্টেটের সম্ভাবনা বুঝাবে।
এখন, যেহেতু বিল্লু সাহেবের জীবনের দশা দুইটা, জীবিত আর মৃত তাই, এই দুইটা দশার সম্ভাবনার যোগফল ।
একইভাবে, যেহেতু, বিষের কৌটা হয় ভাঙসে নাহলে ভাঙে নাই, তাই ।
এখন একটা কোয়ান্টাম সিস্টেমের যদি অনেকগুলা স্টেট থাকে, তাহলে,
\sum_{i=1}^{n} |c_i|^2 = 1এটাই হলো বর্নের নিয়ম (Born Rule)।
আবার দেখেন, বিল্লুর জীবন বা মরণ আর বিষের কৌটার ভাঙা না ভাঙা কিন্তু রিলেটেড। একটা হইলে আরেকটা ফিক্স হয়ে যায়, অর্থাৎ কৌটা ভাঙলে মরবে আর না ভাঙলে মরবে না। এইটা ফিক্স, তাই কৌটা ভাঙলে বিল্লুর অবস্থা জানা যায়, আবার বিল্লুর অবস্থা জানলে কৌটার অবস্থা জানা যায়। তাই দুইটারে মিলায়ে পুরো সিস্টেমের স্টেট ভেক্টরকে লেখা যায়,
| সিস্টেম ⟩ = c5 | কৌটা ভাঙে নাই ⟩ | বিল্লু জীবিত ⟩ + c6 | কৌটা ভাঙসে ⟩ | বিল্লু মৃত ⟩
| \Psi \rangle = c_5 |\Psi_1 \rangle |\Psi_3 \rangle + c_6 |\Psi_2 \rangle |\Psi_4 \rangle \tag{3}এখানে, ও
এই (3)-নং ইকুয়েশনই হলো পুরো কৌটা-বিড়াল সিস্টেমের স্টেট ভেক্টর। আর এখানে যেহেতু একটার অবস্থা ফিক্স করে দিলে আরেকটা জিনিস অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাচ্ছে, তাই বিড়াল আর কৌটাকে এখানে বলা হয় দুইটা এনটেঙ্গেলড সিস্টেম (entangled system) আর ঘটনাটাকে বলা হয় কোয়ান্টাম এনটেঙ্গেলমেন্ট (Quantum Entanglement)। entanglement মানে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকা, যেহেতু দুইটা সিস্টেম একটা আরেকটার সাথে জড়িয়ে আছে, তাই এই নাম।
এখন পুরা সিস্টেমটা যদি অনেক বড় হয়ে যায়, অর্থাৎ একটা সিস্টেমের ভিতর যদি অনেকগুলা পার্টিকেল বা সিস্টেম একসাথে জড়িয়ে থাকে, তাহলে সিস্টেমটার অনিশ্চয়তা অনেকটাই কমে যায়। ফলে সিস্টেমটা তখন ক্লাসিকাল মেকানিক্স ফলো করা শুরু করে। এইটাকে বলে Correspondence Principle. এইটা আবার আসে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে, সেটা হয়তো আমরা অন্য কোনদিন অন্য কোথাও, অন্য কোনভাবে দেখব।
আবার, যেকোন বস্তু বা সিস্টেমের দুইটা নেচার থাকে, একটা হলো ওয়েভ নেচার আর আরেকটা হলো পার্টিকেল নেচার। কিন্তু আমরা কখনোই দুইটাই একসাথে মাপতে পারব না। এটাকে বলা হয় কোয়ান্টাম সিস্টেমের Complementarity. এইটাও আসে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে, সেটাও হয়তো আমরা অন্য কোনদিন অন্য কোথাও, অন্য কোনভাবে দেখব।
এইযে, এতক্ষণ এতকিছু, এত নিয়ম – এগুলো বললাম, এই সবকিছু নিয়েই হলো কোপেনহেগেন ইন্টারপ্রিটেশান (Copenhagen Interpretation)। বর্তমানে বিশ্বের সবজায়গায় এই ইন্টারপ্রিটেশানটাই বেশি প্রচলিত। আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে সব জায়গায় যেসব গল্প শুনি, সেগুলো এই ইন্টারপ্রিটেশানের উপর ভিত্তি করেই বলা হয়।
সামনের পর্বে আমরা দেখব কিভাবে জন ভন নিউম্যান এই ইন্টারপ্রিটেশানের যথার্থতাকে প্রমাণ করেছেন। চলবে …
