Skip to content

Tachyon

কল্পনার বিজ্ঞান

রান্না করার হাঁড়িপাতিলেই মিলছে বিষাক্ত সীসা – বলছে গবেষণা

সীসা (লেড, রাসায়নিক সংকেত Pb) একটি ভারী ধাতু, যা স্নায়ুতন্ত্রের জন্য মারাত্মক বিষাক্ত হিসেবে সুপ্রতিষ্ঠিত। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে গুরুতর; অতি অল্প মাত্রার সংস্পর্শেও অপরিবর্তনীয় মস্তিষ্কের ক্ষতি এবং মনোযোগজনিত সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে।1 এর ক্ষতি কেবল ব্যক্তির স্বাস্থ্যেই সীমাবদ্ধ নয়। ২০১৯ সালে সীসার সংস্পর্শের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৬.০ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষতির ২৩ শতাংশের জন্য দায়ী ছিল আইকিউ হ্রাসের ফলে ভবিষ্যৎ আয়ের সম্ভাব্য ক্ষতি। অন্যদিকে, অবশিষ্ট ৭৭ শতাংশের কারণ ছিল হৃদ্‌রোগজনিত মৃত্যুর ফলে সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক কল্যাণগত ক্ষতি।2

প্রশ্ন হলো, এই বিষ আমাদের শরীরে পৌঁছায় কোন পথে? সাম্প্রতিক গবেষণা বলছে, উত্তরের একটি অংশ লুকিয়ে আছে আমাদের নিত্যদিনের রান্নাঘরেই।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর রান্নাঘরে সস্তা অ্যালুমিনিয়ামের হাঁড়ি অতি পরিচিত। দাম কম, ওজনে হালকা এবং তাপ পরিবহনে দক্ষ হওয়ায় এর জনপ্রিয়তা ব্যাপক।34 কিন্তু এই হাঁড়ির একটি বড় অংশ কারখানায় তৈরি নয়; অপ্রাতিষ্ঠানিক খাতের কারিগররা স্থানীয়ভাবে বানান। তাঁরা সহজলভ্য বর্জ্য ধাতু গলান, যার মধ্যে থাকে পরিত্যক্ত ইঞ্জিনের যন্ত্রাংশ, রেডিয়েটর, কম্পিউটারের অংশ ও ক্যান। তারপর সেই গলিত ধাতু বালুর ছাঁচে ঢেলে হাঁড়ি তৈরি করা হয়।56

এই পুনর্ব্যবহার প্রক্রিয়া কর্মসংস্থান ও সস্তা পণ্যের জোগান দিলেও বর্জ্য ধাতুর সঙ্গে সীসার মতো বিষাক্ত ধাতু হাঁড়ির কাঠামোয় ঢুকে পড়ার ঝুঁকি তৈরি করে।5,7 ২৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের ১১৩টি অ্যালুমিনিয়াম হাঁড়ির এক জরিপে সীসার মোট ঘনত্ব পাওয়া গেছে ৫ মিগ্রা/কেজির কম থেকে প্রায় ১৬,০০০ মিগ্রা/কেজি পর্যন্ত, গড়ে ১,৬০০ মিগ্রা/কেজি।8 অর্থাৎ হাঁড়ি থেকে হাঁড়িতে বিষের মাত্রা নাটকীয়ভাবে ভিন্ন, আর ক্রেতার পক্ষে তা বোঝার উপায় প্রায় নেই।  

বাংলাদেশের প্রেক্ষাপট বিশেষভাবে উদ্বেগজনক। এখানে স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের হাঁড়ি প্রায় প্রতিটি ঘরে ভাতের মতো প্রধান খাদ্য রান্নায় প্রতিদিন ব্যবহৃত হয়, এবং দেশের এই শিল্পের বড় অংশ অপ্রাতিষ্ঠানিক খাতে বর্জ্য অ্যালুমিনিয়াম পুনর্ব্যবহারের ওপর নির্ভরশীল।9 কারখানাজাত অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের বিপরীতে কারিগরি হাঁড়িতে প্রায়ই কোনো রক্ষাকারী প্রলেপ থাকে না; ফলে কাঁচা ধাতু সরাসরি খাবারের সংস্পর্শে আসে।1011 অথচ বাংলাদেশে শিশু ও গর্ভবতী নারীদের রক্তে সীসার উচ্চ মাত্রা আগেও নথিবদ্ধ হয়েছে।1213 হলুদে সীসা-ক্রোমেট রঞ্জক মেশানোকে দেশের অন্যতম প্রধান উৎস হিসেবে শনাক্ত করা হয়েছে,14 তবে আইসোটোপভিত্তিক বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে শরীরে জমা সীসার পেছনে অন্য উৎসও ভূমিকা রাখে।13 রান্নার হাঁড়ি সম্ভবত সেই অতিরিক্ত উৎসগুলোর একটি।

এই সন্দেহ পরিমাপ করতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আইসিডিডিআর,বি-র গবেষকেরা ২০২৬ সালে একটি পরীক্ষাভিত্তিক গবেষণা প্রকাশ করেছেন। তাঁরা বাংলাদেশি ঘর থেকে সংগৃহীত সাতটি ব্যবহৃত হাঁড়ি এবং একজন সরবরাহকারীর কাছ থেকে কেনা ২০টি নতুন হাঁড়ি পরীক্ষা করেন। ধাতুর মধ্যে সীসার পরিমাণ মাপা হয় এক্স-রে ফ্লুরোসেন্স (XRF) যন্ত্রে। ব্যবহৃত হাঁড়িতে তা ছিল ২২৬ থেকে ২,৩৮০ মিগ্রা/কেজি (গড় ৯৯৬), আর নতুন হাঁড়িতে ১,২৬০ থেকে ১,৮২০ মিগ্রা/কেজি (গড় ১,৭১০)।15 এরপর তরল খাবারের অনুকরণে ৪ শতাংশ অ্যাসিটিক অ্যাসিড গরম করে এবং কঠিন খাবারের অনুকরণে বাস্তবে ভাত ও খিচুড়ি রান্না করে দেখা হয় কতটা সীসা হাঁড়ি থেকে খাবারে মিশছে।15

ফলাফল অনেক ভয়ানক। ১৫০ মিনিট পর ব্যবহৃত হাঁড়িগুলোর অ্যাসিটিক অ্যাসিডে সীসার ঘনত্ব ছিল ১১.৩ থেকে ৬৪৪ মাইক্রোগ্রাম/লিটার; প্রতিটিই মার্কিন এফডিএ-নির্ধারিত পানিতে সর্বোচ্চ সীমা (৫ মাইক্রোগ্রাম/লিটার) ছাড়িয়েছে।15 ভাত ও খিচুড়িতেও একই চিত্র দেখা যায়। নতুন হাঁড়িতে প্রথমবার রান্নায় ভাতে গড়ে ৩০৫ এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম/কেজি সীসা পাওয়া গেছে, যেখানে শিশুখাদ্যের জন্য এফডিএ-র সীমা ১০ মাইক্রোগ্রাম/কেজি।15 পরীক্ষিত সব হাঁড়িই অ্যাসিটিক অ্যাসিড পরীক্ষায় ১০ মাইক্রোগ্রাম/লিটারের বেশি এবং ভাত বা খিচুড়ি রান্নায় ১০ মাইক্রোগ্রাম/কেজির বেশি সীসা ছেড়েছে।15

সীসা কেন ও কখন বেশি ছড়ায়, তারও কয়েকটি ধরন পাওয়া গেছে।

প্রথমত, অম্লতা: pH ৩.৫-এ সীসার ঘনত্ব ছিল ৪২.২–৬৭.২ মাইক্রোগ্রাম/লিটার, আর pH ৫.৫-এ মাত্র ১৩.৬–২৫.২।15 তাই টক-জাতীয় বা অম্লীয় তরকারি রান্না তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ; অন্যান্য গবেষণাও দেখিয়েছে যে অ্যাসিডিক পরিবেশে হাঁড়ি থেকে ধাতু ছাড়ানোর হার বাড়ে।4,16

দ্বিতীয়ত, ঘর্ষণ: ইস্পাতের তারের স্পঞ্জে ঘষে ধোয়ার পর সীসা নিঃসরণ ছিল সর্বোচ্চ, প্রথমবার ব্যবহারে প্রায় পাঁচ গুণ এবং দ্বিতীয়বার ব্যবহারে প্রায় তিন গুণ।15 ধারণা করা হয়, ঘষায় রক্ষাকারী স্তর ক্ষয়ে গিয়ে ভেতরের সীসাসমৃদ্ধ ধাতু উন্মুক্ত হয়ে পড়ে।15,17

তৃতীয়ত, হাঁড়ির বয়স: নতুন হাঁড়ি থেকে প্রথম ব্যবহারে সবচেয়ে বেশি সীসা বেরোয়, পরবর্তী ব্যবহারে তা কমে। ভাতের ক্ষেত্রে প্রথমবারের তুলনায় তৃতীয়বারে সীসা ছিল ৩ থেকে ৫ গুণ কম।15 সম্ভাব্য ব্যাখ্যা হলো, পৃষ্ঠের সহজলভ্য সীসা প্রথমে ধুয়ে যায় এবং পরে একটি সুরক্ষাকারী অক্সাইড স্তর তৈরি হয়।11,15 তবে এখানেই আশ্বস্ত হওয়ার সুযোগ নেই, কারণ তিনবার ব্যবহারের পরেও ভাতে ৪১.১–৬২.১ মাইক্রোগ্রাম/কেজি সীসা থেকে গিয়েছিল, যা এখনো উদ্বেগজনক মাত্রা।15 আরেকটি তথ্য হলো, ঢালাই করা হাঁড়ি একই পরিমাণ সীসা-সমৃদ্ধ হলেও পেটানো (রট) অ্যালুমিনিয়াম হাঁড়ির তুলনায় প্রায় সাত গুণ বেশি সীসা ছাড়ে।8 এবং খাবার ২৪ ঘণ্টা হাঁড়িতে রেখে দিলে নিঃসরণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।18

এই সংখ্যাগুলোর প্রকৃত তাৎপর্য বোঝা যায় শিশুর দৈনিক গ্রহণমাত্রার হিসাবে। গ্রামীণ বাংলাদেশে ০–১৩ বছর বয়সী শিশুরা গড়ে দৈনিক ৮৬২ গ্রাম (ভেজা ওজন) ভাত খায়, যা শুকনো ওজনে প্রায় ৩১০ গ্রাম।19 গবেষকদের হিসাবে, তৃতীয়বার ব্যবহারের পরের নতুন হাঁড়ির ভাত (৪১.১–৬২.১ মাইক্রোগ্রাম/কেজি) খেলেও একটি শিশু অন্তত দৈনিক ১২.৭–১৯.৩ মাইক্রোগ্রাম সীসা গ্রহণ করবে। এটি শিশুদের জন্য এফডিএ-র নির্দেশক মাত্রা (২.২ মাইক্রোগ্রাম/দিন) থেকে পাঁচ গুণেরও বেশি।2021 মার্কিন ইপিএ-র আইইইউবিকে মডেল প্রয়োগ করে ১ থেকে ৬ বছরের কম বয়সী শিশুদের রক্তে সীসার জ্যামিতিক গড় ধরা হয়েছে ২.১১–৩.১২ মাইক্রোগ্রাম/ডেসিলিটার।15 এটি মডেলভিত্তিক অনুমান, সরাসরি রক্তপরীক্ষার ফল নয়, তবু এর ইঙ্গিত স্পষ্ট। উল্লেখ্য, বিজ্ঞানীদের মতে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই; নিয়ন্ত্রক সীমাগুলো কেবল তুলনার মানদণ্ড হিসেবে ব্যবহার করা।2

অবশ্য গবেষণাটির সীমাবদ্ধতাও মনে রাখা জরুরি। নমুনার সংখ্যা ছোট, পরীক্ষাগুলো নিয়ন্ত্রিত পরিবেশে হয়েছে, আর এক্স-রে ফ্লুরোসেন্সের নির্ভুলতা মাত্র ±২০–৩০ শতাংশ, যেহেতু মান যাচাইয়ের রেফারেন্স উপাদান ছিল না।15 এ ছাড়া হাঁড়ির মোট সীসার পরিমাণ ও খাবারে মেশা সীসার মধ্যে স্পষ্ট সম্পর্ক পাওয়া যায়নি। ফলে কেবল ধাতুর রাসায়নিক বিশ্লেষণ দেখে ঝুঁকি নিখুঁতভাবে বলা যায় না।15 তবু ১০০ মিগ্রা/কেজির নিচের মাত্রাকে একটি সম্ভাব্য স্ক্রিনিং সীমা ধরা হয়।8,22 আর এই গবেষণার সব হাঁড়িই সেই সীমা ছাড়িয়েছে।15

প্রতিরোধের উপায় কী? গবেষকেরা কয়েকটি ব্যবহারিক পরামর্শ দিয়েছেন: ইস্পাতের তার বা স্টিলের স্পঞ্জ দিয়ে ঘষা এড়ানো, হাঁড়ির চেয়ে নরম খুন্তি (যেমন কাঠের চামচ) ব্যবহার করা এবং নতুন হাঁড়ি নিয়মিত ব্যবহারের আগে কয়েকবার প্রাথমিকভাবে রান্না করে নেওয়া।15 তাঁদের আরও পরামর্শ হচ্ছে অম্লীয় খাবার এবং দীর্ঘক্ষণ সংরক্ষণ এড়ানো হলে ঝুঁকি কমতে পারে।15,18

তবে এগুলো ঝুঁকি হ্রাসের কৌশল, নিরাপত্তার নিশ্চয়তা নয়।  কারণ ওপরের তথ্য বলছে তিন দফা ব্যবহারের পরও সীসা থেকে যায়। দীর্ঘমেয়াদি সমাধান ব্যক্তিগত সতর্কতায় নয়, বরং কাঠামোগত পরিবর্তনে। উন্নত উৎপাদন মান, নিয়ন্ত্রক তদারকি, বর্জ্য ধাতুর উৎস নিয়ন্ত্রণ এবং সবার নাগালের মধ্যে সীসা পরীক্ষার পদ্ধতি আনা গেলে সমাধান আশা করা যায়।15 প্রলেপযুক্ত বা কারখানাজাত রান্নার সামগ্রী তুলনামূলকভাবে কম ধাতু ছাড়ে, এমন প্রমাণও আছে।23 

সব মিলিয়ে বলা যায়, রান্নার হাঁড়ির মতো অতি সাধারণ একটি বস্তুও জনস্বাস্থ্যের নীরব হুমকি হয়ে উঠতে পারে। সচেতনতা, নীতিগত পদক্ষেপ ও কারিগরদের জন্য নিরাপদ বিকল্প- এই তিনের সমন্বয়েই এই সীসা দূষণের পথটি বন্ধ করা সম্ভব।

তথ্যসূত্র

  1. Shaffer RM, et al. Lead exposure and antisocial behavior: a systematic review of human and animal evidence. Environ Int. 2025;205:109786. ↩︎
  2. Larsen B, Sánchez-Triana E. Global health burden and cost of lead exposure in children and adults: a health impact and economic modelling analysis. Lancet Planet Health. 2023;7:e831–e840. ↩︎
  3. Mathee A, Street R. Recycled aluminium cooking pots: a growing public health concern in poorly resourced countries. BMC Public Health. 2020;20:1411. ↩︎
  4. Weidenhamer JD, et al. Metal exposures from aluminum cookware: an unrecognized public health risk in developing countries. Sci Total Environ. 2017;579:805–813.  ↩︎
  5. Osborn EL. Casting aluminum cooking pots: labour, migration and artisan production in West Africa’s informal sector, 1945–2005. Afr Identities. 2009;7:373–386.  ↩︎
  6. Street RA, et al. Recycling of scrap metal into artisanal cookware in the informal sector: a public health threat from multi-metal exposure in South Africa. Sci Total Environ. 2020;699:134324.  ↩︎
  7. Fellows KM, et al. Investigating aluminum cookpots as a source of lead exposure in Afghan refugee children resettled in the United States. J Expo Sci Environ Epidemiol. 2022;32:451–460. ↩︎
  8. Binkhorst G, et al. Potential lead exposure from aluminum cooking pots in lower and middle-income countries. J Hazard Mater. 2025;492:138134. ↩︎
  9. Hossain S, et al. Aluminum cookware: a major source of lead and other toxic metal contamination in Bangladesh, Semantic Scholar ↩︎
  10. Al Juhaiman LA. Estimating aluminum leaching from aluminum cookware in different vegetable extracts. International Journal of Electrochemical Science ↩︎
  11. Semwal AD, et al. Leaching of aluminium from utensils during cooking of food. J Sci Food Agric. 2006;86:2425–2430. ↩︎
  12. Bergkvist C, et al. Assessment of early-life lead exposure in rural Bangladesh. Environ Res. 2010;110:718–724.  ↩︎
  13. Forsyth JE, et al. Sources of blood lead exposure in rural Bangladesh. Environ Sci Technol. 2019;53:11429–11436 ↩︎
  14. Forsyth JE, et al. Turmeric means “yellow” in Bengali: lead chromate pigments added to turmeric threaten public health across Bangladesh. Environ Res. 2019;179:108722.  ↩︎
  15. Kim R, Namayandeh A, McGoran H, et al. Toxic cookware: lead exposure from aluminum pots in Bangladesh. J Expo Sci Environ Epidemiol. 2026. ↩︎
  16. Weidenhamer JD, et al. Lead exposure from aluminum cookware in Cameroon. Sci Total Environ. 2014;496:339–347.  ↩︎
  17. Habimaana S, et al. Trace metal leaching from cookware locally fabricated from scrap metal: a case study of Ntungamo District, Uganda. Am J Anal Chem. 2022;13:314–330.  ↩︎
  18. Fellows KM, Samy S, Whittaker SG. Evaluating metal cookware as a source of lead exposure. J Expo Sci Environ Epidemiol. 2025;35:342–350. ↩︎
  19. Khan NI, et al. Implementation of food frequency questionnaire for the assessment of total dietary arsenic intake in Bangladesh: Part B, preliminary findings. Environ Geochem Health. 2009;31:221–238. ↩︎
  20.  U.S. Food and Drug Administration. Lead in Food and Foodware (FDA Program page). 2025. ↩︎
  21. Flannery BM, Middleton KB. Updated interim reference levels for dietary lead to support FDA’s closer to zero action plan. Regul Toxicol Pharm. 2022;133:105202. ↩︎
  22. Sargsyan A, et al. Rapid market screening to assess lead concentrations in consumer products across 25 low- and middle-income countries. Sci Rep. 2024;14:9713. ↩︎
  23. Dabonne S, et al. Traditional utensils: potential sources of poisoning by heavy metals. British Journal of Pharmacology and Toxicology  ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha